বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতা কখনো মেনে নেয়নি, কোনদিনও তা মেনে নিতে পারে না।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওয়ার্কার্স পার্টি বীরগঞ্জ উপজেলা শাখা এ সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য স্বাধীনতার পর থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা বিশ্বে জঙ্গিবাদের মদদদাতা হিসেবে পরিচিতি পেয়েছে। এখন তারাই আবার বাংলাদেশে জঙ্গি আছে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে।

তিনি বলেন, দেশি-বিদেশি মদদে বাংলাদেশে জঙ্গিবাদ ও মৌলবাদ মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। দেশে অস্থীতিশীল পরিস্থিতি তৈরি করতে বিদেশিদের ওপর হামলা, মসজিদ-মন্দিরে হামলা শুরু হয়েছিল। কিন্তু সরকার তা দমনে সফল হয়েছে।

মেনন বলেন, দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে বৈষম্য দূর করতে হবে। কৃষক, শ্রমিক, ভূমিহীন এবং আদিবাসীদের অধিকার বাস্তবায়ন করতে না পারলে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। এ কারণে ভূমিহীন খাসজমি এবং প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে সরকারি জলাশয়গুলো বরাদ্দ দিতে হবে।

জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মো. আব্দুল হকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কমরেড মাহামুদুল হাসান মানিক, তিস্তা বাঁচাও, নদী বাঁচাও আন্দোলনের সভাপতি নজরুল ইসলাম হাক্কানী, সংসদ সদস্য মো. ইয়াছিন আলী, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন লাবু, ঠাকুরগাঁও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. ফয়জুল ইসলাম প্রমুখ।

এর আগে মন্ত্রী বীরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

এমএইচ