আন্দোলনের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘দেশের কী অবস্থা আপনারা জানেন। আপনাদের কল্যাণের স্বার্থে যখনই কর্মসূচি ঘোষণা করব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন।’
বৃহস্পতিবার দুপুরে বগুড়া সার্কিট হাউস থেকে গাড়িবহর নিয়ে নীলফামারীর উদ্দেশে রওনা হওয়ার সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন।
এরপর সেখান থেকে খালেদা জিয়ার গাড়িবহর নীলফামারীর উদ্দেশে রওনা হয়। বিকেলে সেখানে অনুষ্ঠিত জনসভায় তাঁর ভাষণ দেওয়ার কথা।
নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির চেয়ারপারসন আরও বলেন, বগুড়া বিএনপির জন্য শক্তিশালী ঘাঁটি। এই জেলার নেতা-কর্মীদের আরও সুসংগঠিত হতে হবে। আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। যখনই আন্দোলনের ডাক দেওয়া হবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। বগুড়াবাসীকে বিএনপির আগামী আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।
খালেদা জিয়া বলেন, ‘আমরা উত্তরবঙ্গে আসলেই বগুড়ায় আসি। কারণ বগুড়া আমার আপন ঘর মনে হয়। বগুড়ার আদর আপ্যায়ন আমার সব সময়ই ভালো লাগে।
এমএইচ





