বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘৫ জানুয়ারির নির্বাচন যদি অবৈধ হতো তাহলে পৃথিবীর এতগুলো দেশ বাংলাদেশের এই দুজনকে সমর্থন দিত না।’

তিনি বলেন, ‘আইপিওতে ১৬৫ টা দেশ সদস্য হিসেবে রয়েছে। অনেককে টকশোতে বলতে শুনেছি এটি নাকি একটা ক্লাবের মতো। তারা টকশোতে গিয়ে এগুলো কী বলে, আবার বলে তারা নাকি আওয়ামী লীগের সমর্থক।’

রোববার সচিবালয়ে বাংলাদেশে সফররত জার্মানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বিএনপির বিষয়ে তিনি আরো বলেন, ‘বিএনপি বলছে সমর্থন পাওয়ার জন্য সরকার নাকি দ্বারে দ্বারে ঘুরছে। আমি বলি বর্তমানে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ একটি মর্যাদাশীল দেশ। তার প্রমাণ আইসিসির যে অনুষ্ঠানটি হয়েছে তাতে বিশ্বের বড় ক্রেতা সংগঠনগুলো এসেছে, বিশ্বের গুরুত্বর্পূর্ণ ব্যক্তিরাও অংশগ্রহণ করেছেন। তারা তো কেউই এরকম কথা বলছেন না। বিএনপি এ ধরনের কথা বলে নিজেদেরকে ছোট করেছে, এটাই প্রমাণিত হয়েছে।’

বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘জার্মানি আমাদেরকে ১০ মিলিয়ন টাকার একটি এমওইউ চুক্তির প্রস্তাব দিয়েছে। আমি তাদেরকে জানিয়েছি, এ জন্য আমাদেরকে ৬ সপ্তাহের মতো সময় দিতে হবে। কারখানা উন্নয়নের জন্য তারা এ চুক্তিটি করার প্রস্তাব দিয়েছে। তারা চায় আমাদের যে সব পণ্য জার্মানিতে রপ্তানি হয়, সেগুলোর যাতে গুণগতমান ঠিক থাকে। এজন্য আমি তাদেরকে প্রস্তাব করেছি যে তারা যাতে পণ্যের দাম বাড়ায়। দাম বাড়লে এখানে শ্রমিকদের স্বার্থ রক্ষা হবে। যারা এ খাতে বিনিয়োগ করছে তাদের বিনিয়োগে আরো বেশি উৎসাহিত করবে।’

জেএ