কণ্ঠশিল্পী বেবী নাজনীনের বাবা ও বাংলাদেশ বেতারের স্বনামধন্য বংশীবাদক ওস্তাদ মনসুর আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বুধবার বিকেলে খালেদা জিয়া বলেন, ‘অসাধারণ দরদী সুরের বংশীবাদক ওস্তাদ মনসুর আলীর মৃত্যুতে দেশের সঙ্গীতপ্রিয় মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দেশের সঙ্গীতাঙ্গনে মরহুম মনসুর আলী ছিলেন চির উজ্জ্বল জ্যোতিষ্ক। অনন্য গুণী এই শিল্পী তার বাঁশির সুরের জাদুকরী মূর্ছনায় সকলকে মোহিত করতেন। এই জীবনশিল্পীর পরলোকগমনে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এক গভীর শোকের সৃষ্টি হলো।’
মরহুম ওস্তাদ মনসুর আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে খালেদা জিয়া শোকাহত পরিবারের সদস্য, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, নিকটজন, ভক্ত, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।
অপর এক শোকবাণীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওস্তাদ মনসুর আলীকে সঙ্গীতাঙ্গনে বাঁশির সুরের জগতে এক কিংবদন্তি উল্লেখ করে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, শিল্পী, ভক্ত ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মির্জা ফখরুল।
দলের যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো যায়।
এমএইচ





