বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মওলানা ভাসানীকালের পথকে অনুসরণ করে আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

আজ  (১৭ নভেম্বর) রোববার সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল এই কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, “আজ বাংলাদেশে যখন গণতন্ত্র হরণ করা হয়েছে, গণতন্ত্র হত্যা করা হয়েছে, তখন মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে বারবার করে মনে পড়ছে। আজকের এই দিনে মওলানা ভাসানীকালের পথকে অনুসরণ করে আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমাদের গণতন্ত্রকে মুক্ত করতে হবে। দেশে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশনেত্রীকে মুক্তির জন্য আজ নতুন করে আমরা শপথ গ্রহণ করলাম, বিজয় না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না।”

মির্জা ফখরুল আরও বলেন, “বাংলাদেশে এখন কোনো গণতন্ত্র নেই। মানুষের অধিকার নেই। বর্তমান সরকার বিনা ভোটে সরকার গঠন করে ক্ষমতা দখল করে রেখেছে। মানুষ তার অধিকারের জন্য সংগ্রাম করছে, লড়াই করছে। দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। দ্রব্যমূল্য অস্বাভাবিক বেড়ে গেছে। পেঁয়াজের মূল্য প্রায় ৩০০ টাকা। আজ এসব কারণে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হবে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যদিয়ে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করতে হবে।”

এর আগে বিএনপির নেতাকর্মীদের নিয়ে মওলানা ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও শামসুজ্জামান দুদু, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

এমবি