ফেনীর দাগনভূঁঞার উপজেলার ফখরুল উদ্দিন চৌধুরী (৩০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

আজ (শনিবার) দুপুরে উপজেলার মাতুভূঁঞা বাজার সংলগ্ন একটি জমি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

তিনি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও আজিজ ফাজিলপুর গ্রামের আবু তাহেরের ছেলে। পুলিশ এ ঘটনায় হিরো ও বাহাদুর নামে ফখরুলের দুই বন্ধুকে আটক করেছে।

নিহতের বড় বোন শাহীনুর আক্তার জেসমিন জানান, তার ভাই ফখরুলের ব্যবহৃত একটি মোটরসাইকেল (এপাচি ব্রান্ড) গত ৬ জানুয়ারি আটক করে তার বন্ধু হিরো ও বাহাদুর। পরে তারা মোটরসাইকেলটি পুলিশ আটক করেছে বলে ফখরুলের কাছে ১০ হাজার টাকা দাবি করে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ফখরুলের বন্ধু হিরো তাকে ফোন করে ১০ হাজার টাকা নিয়ে বাসার নিচে নামতে বলে।

পরে সে মায়ের কাছে টাকা নিয়ে বাসা থেকে নিচে নামলে তারা তাকে মাইক্রোবাসে করে অন্যত্র নিয়ে যায়। রাতে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।

নিহতের বড় ভাই নিজাম উদ্দিন চৌধুরী জানান, শনিবার দুপুরে মাতুভূঁঞা বাজার সংলগ্ন একটি জমিতে এক যুবকের গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে তারা ও পুলিশ ঘটনাস্থলে গেলে লাশটি ফখরুলের মৃতদেহ বলে সনাক্ত করে।

নিহতের ভাই নিজাম দাবি করেন, দাগনভূঁঞা পৌর যুবলীগের’সহ সম্পাদক পারভেজ সওদাগরের নেতৃত্বে ফখরুলের দুই বন্ধু হিরো ও বাহাদুর তার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে।

দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে দুর্বৃত্তরা ফখরুলকে গলা কেটে হত্যা করে লাশ জমিতে ফেলে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পুলিশ এ ঘটনায় হিরো ও বাহাদুর নামে ফখরুলের দুই বন্ধুকে আটক করেছে। এছাড়া, একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। সেটিতে রক্তের দাগ রয়েছে। নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

এমবি