আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে তাগিদ দিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপির একটি প্রতিনিধি দল।

ধানমণ্ডিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসায় শনিবার সকালে এক আলাপচারিতায় তাকে এই তাগিদ দেন ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি দলটি। ওবায়দুল কাদেরের সঙ্গে তাদের প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হয়।

বিজেপির মুখপাত্র ড. বিজয় শঙ্কর শাস্ত্রীর নেতৃত্বে এ সময় ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য অরুণ হালদার। এছাড়া বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডল, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীও সেখানে ছিলেন।

আলোচনা শেষে বিজেপির মুখপাত্র ড. বিজয় শঙ্কর শাস্ত্রী সাংবাদিকের বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক বাউন্ডারি আছে ঠিক, কিন্তু কোনো সাংস্কৃতিক বাউন্ডারি নেই। দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক চমৎকার। দু’দেশের মানুষের মধ্যে সম্পর্ক খুবই ভালো।’

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডেরও প্রশংসা করেন। সাথে সাথে বর্তমানে সারা দেশের কিছু জায়গায় হিন্দুদের উপর যে হামলার ঘটনা ঘটেছে সে দিকে নজর দিতে বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিজেপি প্রতিনিধি দলকে জানান, বর্তমান বিশ্বে উন্নয়ন ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই বাংলাদেশে বড় বড় অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাস্তবায়ন হচ্ছে। বেশ কয়েকটি ফ্লাইওভারও হয়েছে।

উল্লেখ্য, নাসিরনগরে হিন্দুদের বাড়ি ঘরে হামলার ঘটনায় ইতিমধ্যে ৩ আওয়ামীলীগ নেতাকে বহিষ্কার ও ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

জারিফ