এবার ক্ষমতাসীন আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেছেন সরকারের শরিক দল জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি।
বুধবার দুপুর ১২ টার দিকে কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকারি দল আওয়ামী লীগ দেশে লুটপাট আর সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেকোনো সময়ের চেয়ে খারাপ। প্রতিদিনই খুন গুম হচ্ছে।
বাবলু বলেন, বিএনপি রাজাকার আলবদরদের সাথে জোট করেছে। যারা স্বাধীনতায় বিশ্বাস করেনা। বিএনপি এখন নিজেরাই মারামারিতে ব্যস্ত, সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে কিভাবে। তারা এখন মৃত প্রায়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। এসময় জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এএইচ





