কারাগারে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে নূন্যতম নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তাকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে নাগরিক ঐক্য। এ বিষয়ে আদালতে যাওয়ার প্রস্তুতিও চলছে বলে জানিয়েছেন সংগঠনটি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে কারাবন্দী-অসুস্থ মাহমুদুর রহমান মান্নার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কেন্দ্রীয় কমিটির আহবায়কমাহমুদ জামাল কাদেরী বলেন, অসুস্থ মান্নাকে হাসপাতালে রেখে চিকিৎসা না দিয়ে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। মান্নার জীবন রক্ষার্থে তাকে হাসপাতালে রেখে আধুনিক চিকিৎসা দেয়ারও অনুরোধ জানিয়েছেন।
মান্নার শারীরিক অবস্থা মোটেই ভালো না উল্লেখ করে জামাল কাদেরী বলেন, মান্নাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে চিকিৎসা শেষ না করেই কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। চিকিৎসা শেষ হবার আগেই কারাগারে নেয়ার কারণেই তাকে বারবার হাসপাতালে আনতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বারবার আবেদন করা স্বত্বেও গুরুতর অসুস্থ মান্নাকে জেলখানায় ডিভিশন দেয়া হয়নি। এ অবস্থায় মান্নাকে জেলখানার পরিবর্তে হাসপাতালে রেখে সুচিকিৎসা করার আবেদন করছি। কারণ হাসপাতালের ছাড়পত্রেও নির্দিষ্টভাবে বিএসএমএমইউ এবং ডিএমসিএইচ এ রেখে চিকিৎসা করতে বলা হয়েছে।
দীর্ঘ সময়ের সফল ছাত্র নেতা এবং মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের ধারক মাহমুদুর রহমান মান্নার জীবনকে কোনোভাবেই আশঙ্কাজনক অবস্থায় ঠেলে দেয়া যায় না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ফজলুল সরকার, আবুবকর সিদ্দিক, শহীদুল্লাহ কায়সার, মমিনুল ইসলাম, আতিকুর রহমান প্রমুখ।
এমএ/ এআর





