বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দেশে বর্তমান যে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে এই অবস্থা বেশি দিন চলতে পারে না। তাই আমি আবারওসংলাপের আহ্বান জানাচ্ছি। তবে সংলাপসহ অন্যান্য পথ বন্ধ হলে রাজপথেই এর সমাধান ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ‘উন্নয়নের জন্য গণতন্ত্র’ শীর্ষক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি বলেই আওয়ামী লীগের মত অশান্তি চাই না। তবে বাংলাদেশের মানুষ এমন একটি সংলাপের জন্য দীর্ঘকাল অপেক্ষায় বসে থাকবে না। সেজন্য সংলাপের উদ্যোগ না নিলে শিগগিরই দেশবাসীকে সঙ্গে নিয়ে আমাদেরকে রাজপথের আন্দোলনে নামতে হবে।

সমাজের সবখানে দুর্বৃত্তদের শাসন ও ভীতির রাজনীতি কায়েম করা হচ্ছে এমন অভিযোগ করে তিনি বলেন, দেশের সম্মানিত নাগরিকদেরকে একের পর এক অপমানিত করা হচ্ছে। দেশের জন্য যারা বিদেশ থেকে সম্মান বয়ে এনেছেন তাদেরকে পর্যন্ত হেনস্তা করা হচ্ছে।

বিএনপি চেয়ারপারসন বলেন, দেশে আইনের শাসন বলতে কিছুই নেই। অন্যায় কাজে সরকারের বেআইনি নির্দেশ পালন করতে গিয়ে আইন-শৃঙ্খলাবাহিনীর নৈতিকতা সম্পুর্ণ ভেঙ্গে পড়েছে। তারা হত্যা গুম- অপহরণ, চাঁদাবাজি, জমিদখল ও মানুষের ওপর অত্যাচারসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছেন।

তিনি বলেন,দেশের মানুষ আমার ওপর আস্থা রেখে কয়েকবার রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়েছে। এসব দায়িত্ব পালনের মাধ্যমে আামার অভিজ্ঞতা সমৃদ্ধ হয়েছে। অতীতের ভুলভ্রান্তি ও ত্রুটিগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি। তার আলোকে দেশের বিরাজমান সদস্যা ও সংকটের নিরসন করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমরা কাজ করব।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আ ন হ আক্তার হোসেন পিইঞ্জের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহাবুবুর রহমান, মির্জা আব্বাস, সম্মিলিত পেশাজীবি পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী, ড্যাবের মহাসচিব ডা. জেড এ জাহিদ হোসেন, প্রকৌশলী মহসীন আলী,প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, প্রকৌশলী সৈয়দ মুনসিব আলী,প্রকৌশলীড.মনিরুল ইসলাম,প্রকৌশলী জাহিদুল ইসলাম, প্রকৌশলী জহিরুল ইসলাম,প্রকৌশলী ড.সাব্বির মোস্তফা খান, প্রকৌশলী ড. ইকরামুর হাসান রোকনী প্রমুখ।

ঢাকা, এমএইচ, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর