বিক্ষিপ্ত সংঘর্ষ, ভাংচুর ও জ্বালাও-পোড়াওয়ের মধ্যে দিয়ে সারাদেশে হরতাল ও অবরোধ পালন করেছে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবির ভিত্তিতে সারাদেশে হরতাল ও অবরোধের চিত্র তুলে ধরা হল:
গাজীপুরের বাসের আগুনে হেলপার নিহত
গাজীপুরের কালিয়াকৈরে একটি বাসে আগুন লেগে বাসের হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে বাসটিতে আগুন লাগে। এসময় ঘুমানো অবস্থায় বাসটির হেলপার অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়।
তবে বাসটিতে ঠিক কীভাবে আগুন লেগেছে তা বলতে পারছে না পুলিশ।
তবে ধারণা করা হচ্ছে বাসে কয়েল জ্বালিয়ে হেলপার ঘুমানোর পর তা থেকে আগুন লাগতে পারে।
এছাড়া অবরোধকারীরাও আগুন দিতে পারে।
তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেছে, তারা ভোররাতে কোন পিকেটিং বা অগ্নিসংযোগের ঘটনা ঘটায়নি।
আটকের পর শিবিরকর্মীর পা ভাঙলো পুলিশ
আটকের পর ঠান্ডা মাথায় যশোরে ছাত্রশিবিরের এক কর্মীর পা ভেঙে দিয়েছে পুলিশ। তবে পুলিশের দাবি, দৌড়ে পালানোর সময় সে আহত হয়।
শাকিল হোসেন নামে ওই ছাত্র পুলিশের তত্ত্বাবধানে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শাকিল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গৌরীনাথপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে রসায়ন দ্বিতীয় বর্ষের ছাত্র।
শাকিল জানান, বুধবার দুপুরে শহরের রবীন্দ্রনাথ সড়কের কাছে হোমিওপ্যাথি কলেজের সামনে থেকে সদর ফাঁড়ির হাবিলদার বাবুল আক্তার তাকে আটক করেন। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
এরপর ডিবি সদস্যরা গভীর রাতে তাকে নিয়ে খড়কী এলাকার মেসের সামনে যায়। সেখানে ডিবি সদস্যরা চারটি বাজি পোড়ায়। রাতেই তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে ডিবি।
অভিযান শেষে রাত ৩টা থেকে ৪টার মধ্যে তাকে থানাহাজত থেকে বের করে ডিউটি অফিসারের কক্ষে আনা হয়। সেখানে পুলিশ সদস্যরা রড দিয়ে তাকে বেদম পেটায়। এতে তার পা ভেঙে যায়। পরে হাবিলদার বাবুল আক্তার তাকে হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগ অস্বীকার করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, আটকের সময় শাকিল দৌড়ে পালানোর চেষ্টা করায় পড়ে গিয়ে সে আহত হয়। সে কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া শাকিলকে দুপুরে নয়, রাত পৌনে ৮টায় আটক করা হয়েছে বলেও দাবি করেন ওসি।
এদিকে, ছাত্রশিবির যশোর শহর শাখার সেক্রেটারি আজহার উদ্দিন জানান, শাকিল তাদের সংগঠনের কর্মী। পুলিশ প্রথমে শাকিলের বাবার কাছে ফোন করে এক লাখ টাকা ঘুষ দাবি করে। টাকা দিতে না পারায় পিটিয়ে তার পা ভেঙে দেয়া হয়।
মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম ফারুক জানান, শাকিলের বাম পায়ের হাড় ফেটে গেছে। শরীরের আরো আঘাতের চিহ্ন রয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগে বাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় এ

ঘটনা ঘটে রাজধানীর কদমতুলি থানা এলাকার রায়েরবাগ বাস স্ট্যান্ড এলাকায়। এসময় প্রায় ৬টি গাড়ী ভাংচুর করে তারা। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মৌলভীবাজারে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ১০
মৌলভীবাজারে পুলিশ-বিএনপি সংঘর্ষে দলটির ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির একাংশের যুবদলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনকে (৩৮) আটক করেছে পুলিশ।
২০ দলীয় জোটের ডাকা হরতালে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এম সাইফুর রহমান রোডে মিছিলে বাধা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি দুপুর সাড়ে ১২টার দিকে শহরে এম সাইফুর রহমান রোড থেকে মিছিল বের করতে চেষ্টা করে। এসময় পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সঙ্গে সংর্ঘষ বেধে যায়। এতে বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ যুবদলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনকে আটক করে।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা সিএমএম কোর্টের সামনে বোমা বিস্ফোরন
এদিকে, ঢাকা সিএমএম কোর্টের সামনে দু'টি বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে।
কড়া নিরাপত্তা বেষ্টনির মাঝে এ ঘটনা ঘটায় পুলিশের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
খিলগাঁও দু'টি গাড়িতে
অপরদিকে খিলগাঁও এলাকায় দু'টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বিত্তরা। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। আগুলে ট্রাক ও প্রাইভেটকারটি সম্পূর্ণ জ্বলে যায়।
এলিফ্যান্ট রোডে সিএনজি ভাঙচুর: আটক ২
রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সিটি মার্কেটের সামনে একটি সিএনজি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি।
চট্টগ্রাম, সাতক্ষীরা, কুষ্টিয়ায় গ্রেফতার ১০৩
নাশকতার আশঙ্কায় পুলিশের বিশেষ অভিযানে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ।এর মধ্যে-বিএনপি-জামায়াতর ১৬ জন কর্মী রয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতসহ মোট ৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডু, মিরসরাই, ফটিকছড়ি, পটিয়া, সাতকানিয়া এবং লোহাগাড়া থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে মোট ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে বুধবার রাতে কুষ্টিয়ার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াত ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
দিনাজপুরে বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মী আটক
নাশকতা আশংকায় দিনাজপুরে জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীসহ ২৪ জনকে আটক করেছে পুলিশ।
দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, বৃহস্পতিবার হরতালে নাশকতা করার জন্য পরিকল্পনা করে দুর্বৃত্তরা।
তাই এ গোপন সংবাদের ভিত্তিতে নাশকতা ঠেকাতে পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা মাঠে নেমেছে।
বুধবার গভীর রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ জামায়াত-শিবির ও ৬ জন বিএনপির নেতাকর্মীসহ ২৪ জনকে আটক করেছে পুলিশ।
অভিযান অব্যাহত রয়েছে। কেউ বিশৃংখলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে দিনাজপুরে শান্তিপূর্ণভাবে চলছে ২০ দলের ডাকা অবরোধ ও হরতাল। অবরোধ ও হরতালে রিক্সা-ভ্যান,অটোরিক্সা,ইজিবাইক চললেও দূর-পাল্লার গাড়ী চলাচল বন্ধ রয়েছে।
বিলম্বে হলেও ট্রেন চলছে। চোরাগোপ্তা হামলার আশংকায় দোকান-পাট,মিল-কারখানা বন্ধ রয়েছে। ব্যাংক-বীমা,স্কুল-কলেজ,অফিস-আদালত খোলা থাকলেও উপস্থিতি সংখ্যা কম।
এসপির বাসভবন লক্ষ্য করে ককটেল
হবিগঞ্জ পুলিশ সুপার (এসপি) জয়দেব কুমার ভদ্রর বাস ভবনের গেটের কাছে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একটি ককটেল মোটরসাইকেলের ওপর পড়লে তিন আরোহী আহত হন।

শহরের শায়েস্তানগর এলাকায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় প্রধান সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেল ৩টায় ছাত্রদলের আহবায়ককে আটক করা হয়েছে।
আহতরা হলেন— আল-আমিন, কাইয়ুম ও সবুর মিয়া। তারা সবাই মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুরে দুর্বৃত্তরা শহরের প্রধান সড়কের শায়েস্তানগর এলাকায় পুলিশ সুপার বাসভবনের গেট লক্ষ্য করে দুটি ককটেল ছোড়ে। এ সময় একটি ককটেল মোটরসাইকেল আরোহী আল-আমিনের ওপর পড়ে। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান।
হবিগঞ্জ সদর থানা পুলিশ আল-আমিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। এ সময় সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চলছে। এর আগেও পুলিশ সুপারে বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল, তাই এলাকাতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে।
সদর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন জানান, এ ঘটনায় হবিগঞ্জ পলিটেকনিক্যাল কলেজ ছাত্রদলের আহবায়ক গোলাম কিবরিয়াকে আটক করা হয়েছে।
গত ২৮ ডিসেম্বর পুলিশ সুপারের বাসভবন লক্ষ্য করে ২টি পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
সিলেটে সড়ক অবরোধ, পুলিশের গাড়িতে ককটেল
হরতাল সমর্থনে সকালে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে ২০ দলীয় জোট নেতাকর্মীরা । এছাড়া পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা নিক্ষেপের খবর পাওয়া গেলেও অস্বীকার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় নগরীর নয়াসড়ক এলাকায় মিছিল করে হরতাল সমর্থকরা। এসময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনো হয়। বাধা দিতে গেলে কোতোয়ালি মডেল থানার ওসির গাড়ি লক্ষ্য করে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে তারা।

আত্মরক্ষায় ও হরতালকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৮ রাউন্ড গুলি ছোড়ে। তবে এতে কেনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে কাউকে আটকও করতে পারেনি পুলিশ।
অবশ্য গাড়িতে ককটেল ও পেট্টোল বোমা নিক্ষেপের ঘটনা অস্বীকার করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মিছিলকারীরা পুলিশের গাড়ির সামনে পড়লে তাদের ছত্রভঙ্গ করতে আট রাউন্ড গুলি ছোড়া হয়।
এর আগে সকাল ৭টায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সিলেটের দক্ষিণ সুরমায় অতিরবাড়ি এলাকায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে।প্রায় ১০ মিনিট সড়ক অবরোধ রাখার পর পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।
এদিকে সিলেট দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, বৃহস্পতিবার ভোরে সিলেট দক্ষিণ সুরমা শিবিরের সেক্রেটারি আজিজুল আম্বিয়া তারেককে আটক করা হয়েছে।
সিলেট বিএনপির ৮ নেতাকর্মী আটক
সিলেট নগরীতে মিছিল করার সময় বিএনপির আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকা থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ৫টায় তাদের আটক করে এসএমপির বিমানবন্দর থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে আটকদের নাম জানা যায়নি।
সিলেট মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল বের করে নাশকতার সৃষ্টির চেষ্টা করছিল। তাই পুলিশ তাদের আটক করেছে।
হবিগঞ্জে গ্রেফতার ২৩
হবিগঞ্জের নয়টি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৩ আসামিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ২০ জন নিয়মিত এবং অন্য মামলার তিনজন আসামি রয়েছে।
এএইচ





