আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সঙ্গে কোনো চুক্তি করবে না।   

তিনি বলেন, শেখ হাসিনা বীরের মতো ভারত যাচ্ছেন। ভারতের সঙ্গে কোনো চুক্তি হলে সেটা হবে জনগণ ও জাতীয় স্বার্থ সমুন্নত রেখে সমতার ভিত্তিতে।

বৃহস্পতিবার নগরীর মোহরায় এক শোক সভায় তিনি এসব কথা বলেন।

বাঙালি বীরের জাতি। বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না উল্লেখ করে আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, ভারতের সঙ্গে বিদ্বেষ রেখে কোনোকিছু আদায় করা যাবে না। ভারত থেকে কিছু আদায় করতে হলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই করতে হবে।

তিনি বলেন, বিএনপি ২১ বছর ধরে ভারতবিরোধী প্রপাগাণ্ডা চালিয়েছে।  কিন্তু ভারতের কাছ থেকে কিছু্ আদায় করতে পারেনি।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত যাচ্ছেন বলে এখন বিএনপির গাত্রদাহ শুরু হয়ে গেছে।

আওয়ামী লীগের এই নীতি নির্ধারক বলেন, ১৩০ কোটি মানুষের দেশ ভারত দু:সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। মুক্তিযুদ্ধের সময় তারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। আমরাও তাদের পাশে থাকবো কিন্তু বর্তমান সরকার কোনোকিছু বিকিয়ে দিয়ে ভারতের সঙ্গে কোন চুক্তি করবে না।

প্রয়াত আওয়ামী লীগ নেতা সেকান্দর হায়াত খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ শোক সভায় আরো উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ প্রমুখ।

এমই