বিএনপি’কে উপদেশ দিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশি প্রভূদের কাছে ধরণা দিয়ে কোনো লাভ নেই। ক্ষমতার মালিক জনগন। জনগনের দুয়ারে ধরণা দিন কাজে লাগবে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধুর আদর্শের আলোকে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি জালিয়াতের দল। আর জালিয়াতি করার জন্য খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরছেন না। কংগ্রেসম্যানদের সাক্ষর জালিয়াতির মাধ্যমে বিএনপি এখন বিশ্ব জালিয়াতের দলে পরিণত হয়েছে।
তিনি বলেন, খালেদা জিয়া লন্ডনে বসে ষড়যন্ত্র করছেন। সাদেক হোসেন খোকার কারাদণ্ড নাকি বিএনপিকে দমিয়ে রাখার অংশ। আওয়ামী লীগ সবসময় আদালতের প্রতি শ্রদ্ধা রাখে। লতিফ সিদ্দিকীর বিষয়েও আমরা আদালতের নির্দেশে হস্তক্ষেপ করিনি।
এছাড়া খালেদা জিয়ার প্রতি আহবান জানান, যেন জামায়াতের পরামর্শ না নিয়ে বিএনপি নেতাদের পরামর্শ নিয়ে দল চালান।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো.জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক এম এ করিম, হাসিবুর রহমান মানিক, শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।
ইআর





