তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ইভিএমে কোনো ভোট বাংলাদেশে হবে না।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা জনগণের সরকার চাই। জনগণ এবার তাদের ভোট দেখে নেবে। দিনের ভোট রাতে দেওয়া আর চলবে না।
দেশে গণতন্ত্র ফেরাতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুদ্ধ আজ সিলেট থেকে শুরু হলো বলে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সিলেট থেকেই মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। সেখান থেকে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আজকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এবং গণতন্ত্র ফেরাতে এই সিলেট থেকেই আবার যুদ্ধ শুরু হলো।
নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা আগে সমাবেশ শুরু হয়। দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টায় কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছে।
মির্জা ফখরুল বলেন, গত ১৪ বছর ধরে এই সরকার দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। সরকার যা যা করেছে তার বিচার হবে।
বিএনপির মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে আর কোনো নির্বাচন হবে না। যারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবে তাদের চিহ্নিত করা হবে।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এ গণসমাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটবাসীর উদ্দেশে বলেন- আপনারা নতুন যুদ্ধে নেমেছেন। এই যুদ্ধ মুক্তির যুদ্ধ। এ যুদ্ধ নিজের অধিকার ফিরিয়ে আনার যুদ্ধ। এ যুদ্ধ নিজের ভোটাধিকার ফিরিয়ে আনার যুদ্ধ। শাহজালাল রাহ. যেভাবে যুদ্ধ করে সিলেটে নতুন ইতিহাস সৃষ্টি করেছিলেন আপনাদের সিলেট থেকেই নতুন যুদ্ধ শুরু হলো। এ যুদ্ধ শেখ হাসিনা সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যুদ্ধ।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় শুরু হওয়া সমাবেশে স্বাগত বক্তব্য দেন মহানগর মহিলা দলের সভাপতি রোকসানা বেগম শাহনাজ। এর আগে কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সকাল সাড়ে ১১টায় সমাবেশ শুরু হয়।
পরে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে ব্ক্তব্য শুরু করেন। গণসমাবেশে বক্তারা আরও বলেন- বর্তমান সরকার এই দেশকে ধ্বংস করে দিয়ছে। দেশকে বাঁচাতে এই সরকারকে উৎখাত করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে। না হলে দেশ ও মানুষের মুক্তি নেই।
বক্তারা আরও বলেন, আজকের এই সমাবেশ প্রমাণ করছে সরকারের প্রতি দেশের মানুষের আস্থা নেই। আজকের এই সমাবেশে আমাদের সবার একই কথা- দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। মানুষ আজ রাস্তায় নেমে এসেছে।





