আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা সিটি উত্তরের প্রার্থী মাহী বি চৌধুরীকে ভদ্রবেশী শয়তান ও দক্ষিণের প্রার্থী মির্জা আব্বাসকে বোমাবাজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জামায়াতের ডাকা অবৈধ হরতালের প্রতিবাদে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির দৈন্য দশা এমন পর্যায়ে পৌঁছেছে যে সিটি নির্বাচনের মত একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে তারা একজন দলীয় প্রার্থী দিতে পারেনি। এখন শোনা যাচ্ছে বিএনপি মাহি বি চৌধুরীকে সমর্থন দেবে।
এ সময় মাহি বি চৌধুরীকে ১/১১ এর কুশিলব ও ভদ্রবেশী শয়দান বলে ও মন্তব্য করে তিনি বলেন, বিএনপি এখন এতই দেউলিয়া যে যাদের রেললাইন দিয়ে দৌড়ানি দিয়েছিল তাদের এখন সমর্থন দিচ্ছে। দেশের মানুষ এখন সচেতন। তাদের কেউ আর ভোট দেবে না। এদের সম্পর্কে সতর্ক থাকার জন্য উপস্থিত নেতা কর্মীদের পরামর্শ দেন তিনি।
ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থীত প্রার্থী মির্জা আব্বাসকে পেট্রলবোমাবাজ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ঢাকা শহরে যত পেট্রলবোমা মারা হয়েছে মির্জা আব্বাসের তাতে প্রত্যক্ষ মদদ ও অর্থায়ন রয়েছে। এ জন্য তাকে বিচারের মুখমুখি হতে হবে। দেশের মানুষ আর কোনো পেট্রলবোমাবাজকে ভোট দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত হরতাল ডেকে আদালত অবমাননা করেছে মন্তব্য করে তিনি আরও বলেন, জামায়াত যুদ্ধাপরাধী আলবদরদের বাঁচাতে আদালাতের রায়ের বিরুদ্ধে হরতাল ডেকেছে। সুতরাং এদের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে বিচারের ব্যবস্থা করতে হবে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী সেলিম প্রমুখ।
এমএ/ এআর





