কর্মসংস্থানে ওয়াইফাই জোন স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাসদ (ইনু) সমর্থিত মেয়র প্রার্থী মো.শহিদুল ইসলাম।
আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এই ইশতেহার ঘোষণাকালে তিনি এ প্রতিশ্রুতি দেন । এসময় দলের কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
শহীদুল ইসলাম তাঁর ইশতেহারে স্বশাসিত স্থানীয় সরকার-ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলেন।মেয়র নির্বাচিত হলে নগরবাসীর নিরাপত্তার বিষয়টি দেখবেন বলে অঙ্গীকার করেছেন। নগরের পরিচ্ছন্নতায় সিসিটিভি ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছেন।
শহীদুল ইসলাম বলেন, মেয়র নির্বাচিত হলে মেট্রোপলিটন সরকার গঠন করবেন তিনি। এর মাধ্যমে সব নাগরিক সুযোগসুবিধা এক ছাতার তল থেকে দেওয়ার ব্যবস্থা করবেন। হোল্ডিং ট্যাক্স কমিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানের ট্যাক্স বাড়াবেন।
দরিদ্রের জন্য আবাসনব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন শহীদুল ইসলাম। একই সঙ্গে দিয়েছেন পানি ও পয়োনিষ্কাশনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি।
১৪ দলে থাকা সত্ত্বেও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন আলাদাভাবে ঢাকার দুই সিটিতে প্রার্থী দিয়েছে-সাংবাদিকের এমন প্রশ্নে শহীদুল ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সরকার বদল হয় না। নীতিরও পরিবর্তন হয় না। তাই আমরা এই নির্বাচন আলাদাভাবে করি।
এমকে





