দেশের সাত শতাধিক ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ শেষ হয়েছে।
কয়েকটি ইউপিতে অনিয়ম, কেন্দ্র স্থগিত ইত্যাদি বিচ্ছিন্ন ঘটনার পর ভোটগ্রহণ শেষ হয়েছে মঙ্গলবার (২২ মার্চ) বিকাল চারটায়। তবে ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে কোনো ভোটার কোনো কেন্দ্রে থাকলে তিনি বিকাল চারটার পরেও ভোট দিতে পারবেন।
এখন ভোট গণনার কাজে ব্যস্ত রয়েছেন নির্বাচনী কর্মকর্তারা।
দেশের নির্বাচন উপযোগী প্রায় সাড়ে চার হাজার ইউপিতে ছয় ধাপে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এবার প্রথমবারের মতো ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয়ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ৮টা থেকে প্রথম ধাপের ৩৪টি জেলার ৭১৭টি ইউপির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। ৬ হাজার ৯৮৭টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। এতে প্রায় সোয়া কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৭ হাজার ৫৭৫ জন ও সাধারণ সদস্য পদে ২৫ হাজার ৮৪৭ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।
এর আগে আওয়ামী লীগের ৫৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে ১ লাখ ২০ হাজারের বেশি কর্মকর্তা ভোটগ্রহণে দায়িত্বরত রয়েছেন।
এসটি





