আওয়ামী লীগের পুরনো কেন্দ্রীয় কার্যালয়ের ভবনটি ভেঙ্গে নতুন বহুতল ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে।
রোববার সকালে গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দীর্ঘদিনের পুরনো ভবনটি ভেঙ্গে নতুন ভবন নির্মাণের কাজ উদ্ভোধন করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ।
ভবন ভাঙ্গার বিষয়ে তিনি বলেন, বহুতল ও দৃষ্টিনন্দন আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত দলীয় কার্যালয় নির্মাণের স্বার্থেই ভবনটি ভাঙ্গা হচ্ছে। পুরনো এ বিল্ডিং ভেঙ্গে নতুন দশ তলা ভবন নির্মাণ করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।
তিনি এ ভবন নির্মাণের মুল দায়িত্বে রয়েছেন বলে জানিয়ে বলেন,নতুন এ ভবনটি নির্মাণে ব্যায় হবে দশ কোটি টাকা এবং সময় লাগবে দেড় বছর।
মোশারফ হোসেন জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় গড়ে তোলা হবে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন বহুতল ভবন। দশ তলা এ ভবনে থাকবে ৬-৭ তলা পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কার্যালয়।
থাকবে কনফারেন্স হল, সেমিনার রুম, ডিজিটাল লাইব্রেরি,ভিআইপি লাউঞ্জ, ক্যান্টিন ও সাংবাদিক লাউঞ্জ। থাকবে ডরমেটরি। আওয়ামী লীগ সভাপতি এবং সাধারণ সম্পাদকের জন্য বেশ পরিসরে পৃথক কক্ষ ও সঙ্গে বেলকনি থাকছে।
পুরো কার্যালয়টি করা হবে ওয়াইফাই জোন। ইতিমধ্যে কার্যালয়ের নতুন ভবনের থ্রিডি নক্সা অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এআই





