৫ জানুয়ারির নির্বাচন ও ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতিষ্ঠিত করা নিয়ে দেওয়া বক্তব্য বিকৃত করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। একটি মহল তাঁকে নিয়ে ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন তিনি।
আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এইচ টি ইমাম এসব কথা বলেন।
তিনি বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ছাত্রলীগ কর্মীদের ভাইভায় ভালো করার জন্য কোচিং করানোর ঘোষণা দিলেন সংবাদ সম্মেলনে।
তিনি বলেছেন, ‘কিভাবে সালাম দিতে হয়। কীভাবে রুমে প্রবেশ করতে হয় আমি ভাইভাতে দেখব বলে এ সব বুঝিয়েছি। আমি প্রশাসনে ছিলাম। আমি প্রশিক্ষণের কথা বলেছি। কিন্তু আমার বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে।’
এইচ টি ইমাম বলেন, ‘বক্তব্য ছিল ৪৭ মিনিট। খণ্ডিত বক্তব্য প্রচার করে আমাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। পুরো বক্তব্য শুনলে বোঝা যাবে কোন পরিস্থিতিতে আমি কোন কথা বলেছি।’ তিনি সামগ্রিকভাবে তাঁর বক্তব্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান। পুরো বক্তব্য প্রচার করলে ভুল বোঝাবুঝির অবসান হবে বলে মনে করেন এইচ টি ইমাম।
৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করার কথা বলেছেন বলে দাবি করেন এইচ টি ইমাম। তিনি বলেন, প্রশাসনের কাজে হস্তক্ষেপ না করে আইন ও নির্বাচনী বিধি মেনে তাঁরা কাজ করেছেন। বক্তব্যে ‘সব জায়গায় আমাদের যাঁরা রিক্রুটেড’ বলতে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের কথা বলা হয়েছে। তাঁদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের প্রতি ইঙ্গিত করে এইচ টি ইমাম বলেন, তারা নির্বাচন বানচাল করতে চেয়েছিল। তারা ভোটকেন্দ্র পুড়িয়ে দিয়েছিল, মানুষ হত্যা করেছিল। নির্বাচন বানচালের জন্য তাদের অপচেষ্টা ও নাশকতা ঠেকাতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা কাজ করেছেন। নির্বাচনী কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সবাই দায়িত্ব নিয়ে ৫ জানুয়ারির নির্বাচন সফল করেছেন। তাই তিনি তাঁর বক্তব্যে তাঁদের প্রশংসা করেছেন। কিন্তু সেই বক্তব্য নিয়ে একটি মহল রং চড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন এইচ টি ইমাম।
এইচ টি ইমাম আরও বলেন, ‘নির্বাচন নিয়ে যারা নাশকতা করেছে, ঠেকাতে না পেরে জনরোষের ভয়ে গর্তে ঢুকেছে, তারাই আমার বক্তব্যের বিকৃত ব্যাখ্যা দিয়ে মিথ্যার ডুগডুগি বাজাচ্ছে। কিন্তু তা ব্যর্থ হতে বাধ্য।’
ছাত্রলীগকে বাড়তি সুযোগ দেওয়া নয় ভালোভাবে পড়াশোনা করার পরামর্শ দিয়েছেন দাবি করে এইচ টি ইমাম বলেন, ‘সরকারি চাকরিতে মেধাবীরা আসবেন এটাই নিয়ম। আমি বলেছি যে ছাত্রলীগ কর্মীদের পড়াশোনা করতে হবে। যোগ্য হলেই তারা উত্তীর্ণ হবে। আমাদের অসৎ অভিপ্রায় থাকলে তাদের লেখাপড়া করার কথা বলতাম না।’
এএইচ





