আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ অভিযোগ করে বলেছেন লতিফ সিদ্দিকীর বক্তব্য নিয়ে এখনও দেশের অনেক রাজনৈতিক দল খোঁচাখুচি করছেন। এই ইস্যু নিয়ে তারা রাজনীতির মাঠ গরম করতে চায়। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই- এই ইস্যু নিয়ে রাজনীতি করার আর কোন সুযোগ নেই।
মঙ্গলবার বিকালে রাজধানীর মতিঝিলে ওয়াপদা অডিটরিয়ামে জাতীয় শ্রমিক লীগের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় শ্রমিক লীগ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় বিচক্ষণতার কারণে ২০ দলীয় জোটের আন্দোলনের সে আশায় গুড়েঁবালি। এখন তারা অন্য চিন্তা করছেন। সরকারের গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা জানতে পেরেছি। একটি চক্র সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তাই আমাদের সবাইকে এদের বিরুদ্ধো সোচ্চার থাকতে হবে।
‘মামলা দিয়ে বিএনপি নেতাদের জেলে ঢুকানোর চেষ্টা করছেন সরকার’ মির্জা ফখরুলের এমন বক্তব্যে কঠোর সমালোচনা করে হানিফ বলেন, ফখরুলের এই বক্তব্যের মধ্যে ষড়যন্ত্র লুকিয়ে আছে। খালেদা বা তার দলের কারো বিরুদ্ধে তো এখন মামলা করা হয়নি। তার এই বক্তব্য শুধু জনগণের অনুকম্পা নেয়ার জন্য।
এ সময় হানিফ বলেন, ‘আমার মনে একটি দু:খ, সেই দু:খের কথাটা বলেই আমি আমার বক্তব্য শুরু করবো। তিনি বলেন, জাতীয় শ্রমিক লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। সেই সংগঠনের জম্মদিন এমন ছোট করে পালন করা হবে এটা আমি আশা করিনি। তবে আগামীতে যেন এই শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকপূর্ণ সহকারে পালন করা হয়।’
জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন,আওয়ামী লীগের শ্রম বিষায়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।
এমআর/এসএইচ





