বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ ৯জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ (সোমবার) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে দলীয় নেতাকর্মীসহ তাকে গ্রেফতার করা হয়।পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা গেছে, উত্তরার ৬ নম্বর সেক্টরের ১১ রোডের ৩ নম্বর বাসায় একটি বৈঠকে বসেছিলেন জামায়াতের শীর্ষ পর্যায়ের এসব নেতারা।

সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, চট্টগ্রাম মহানগর আমির মো. শাজাহান, সেক্রেটারি নজরুল ইসলাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদেকও রয়েছেন। 

জামায়াতে ইসলামীর রুকনরা গোপন ভোটের মাধ্যমে ২০১৭-২০১৮-২০১৯ কার্যকালের জন্য মকবুল আহমাদকে আমির হিসেবে নির্বাচিত করেছিলেন।

এর আগে জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীকে গ্রেফতারের পর প্রায় ৬ বছরেরও বেশি সময় ধরে তিনি দলটির ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করছিলেন।

এমবি