'ছেলেকে যদি না দেন, কোথায় পুঁতে রেখেছেন চিনিয়ে দেন। তাহলে কবর হিসেবে সেখানেই জিয়ারত করব।' নিখোঁজ ছাত্রদল নেতা নিজামউদ্দিন মুন্নার হদিস জানতে তাঁর বাবা শামসুদ্দিন এভাবেই আকুতি জানান।
মঙ্গলবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ২০-দলীয় জোটের আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে শামসুদ্দিন এ কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই মানববন্ধন হয়।
মানববন্ধনে এসেছিল বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর ছেলে অর্ণব। অর্ণব বলে, '২৮ মাস হলেও বাবার কোনো খোঁজ পাচ্ছি না আমরা। গুম করে রাজনীতি করা একটি স্বাধীন দেশে চলে না। আমরা বাবাকে ফিরে পেতে চাই।'
মানববন্ধনে আরও এসেছিলেন নিখোঁজ বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন মারুফা ইসলাম, ছাত্রদলের নেতা জহিরুল ইসলামের মা হোসনে আরা বেগম, স্বেচ্ছাসেবক দলের নেতা আদনানের বোন ফারহানা সুলতানা প্রমুখ। প্রত্যেকেই নিজেদের কষ্টের কথা জানান।
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





