রাজধানীতে অসহনীয় যানজটে আটকা পড়ে তপ্ত রোদের মধ্যে দেড় কিলোমিটার হেঁটে অনুষ্ঠানে যোগ দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
শনিবার দুপুর দেড়টায় এই দৃশ্য সংসদ ভবন সড়কের সামনে দেখা গেলো। একটি মোটরবাইক শোতে যোগ দিতে যাচ্ছিলেন মন্ত্রী।
অনুষ্ঠানে মন্ত্রীর জন্য ফুলের মালা প্রস্তুত রাখা হলেও ক্লান্ত মন্ত্রীর হাতে তখন তুলে দেওয়া হয় পানির বোতল। হাঁপাতে হাঁপাতে মন্ত্রী তখন কোমল পানীয় পান করে শরীরে স্বস্তি আনেন।
দেড় কিলোমিটার পায়ে হেঁটে সংসদ ভবন সড়কে অনুষ্ঠানস্থলে আসার পর মন্ত্রী ওবায়দুল কাদের জানান, রাস্তায় এত বেশি যানজট যে পুলিশ তাকে রং সাইডে চলে আসতে বললে মন্ত্রী তা মানেন নি। এরপর গাড়ি থেকে নেমে দেড় কিলোমিটার হেঁটে সংসদ ভবনের সামনে সড়কে এসে পৌঁছান।
মন্ত্রী বলেন, পুরোটা পথ হেঁটে এসে আমি দৃষ্টান্ত স্থাপন করেছি যে আমি ভিআইপি হলেও আইন ভঙ্গ করি না। অনেক সময় আইন প্রণেতারাই আইন ভঙ্গ করেন।
মন্ত্রী বলেন, রাজধানীর সড়কে ভিআইপি লোকেরা আইন ভঙ্গ করে রং সাইডে চলেন। কিন্তু সাধারণ লোকেরা ঠিকই আইন মেনে চলে।
ওবায়দুল কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতীয় সংসদের স্টিকার লাগিয়ে কত ব্যক্তি ভুয়া সাজে। কিন্তু তারা সংসদ সদস্যের কেউ নন। এরকম স্টিকার লাগিয়ে রং সাইডে তারা রাস্তা পার হয়।
মন্ত্রী উল্লেখ করে বলেন, শুধু জাতীয় সংসদের স্টিকার নয় রাস্তায় ভুয়া সাংবাদিক ও ভুয়া চিকিৎসকদের অনেক গাড়ি দেখা যায়। কিন্তু ভেতরে দেখা যায় কোনো সাংবাদিক নেই। এসব ব্যক্তিরা সাংবাদিক স্টিকার লাগায় শুধু রং সাইডে রাস্তা পারাপারের জন্য।
মন্ত্রী বলেন, ‘আমরা যারা ভিআইপি তাদের সবার আগে নিয়ম মানতে হবে। আমাদের আচরণগত সমস্যার পরিবর্তন ঘটাতে হবে।
পরে মন্ত্রী সংসদ ভবনেন সামনের সড়কে ‘সেইফ রাইড সেইফ লাইফ’ স্লোগানে বাংলাদেশ ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস এর উদ্যোগে মোটরবাইক শো ও র্যালির উদ্বোধন করেন। আগামী ১৩ ও ২০ সেপ্টেম্বর একইভাবে মোটরবাইক র্যালি করবে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি।
হেলমেটবিহীন মোটরবাইক না এবং মোটরবাইক চালানো অবস্থায় ফোনে কথা বলা না- এই দুটি বিষয় এই মোটরবাইক শো ও র্যালি থেকে রাজধানীবাসীকে সচেতন করে তোলা হবে বলে জানান আয়োজক বাংলাদেশ ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস এর সিইও সৈয়দ রাজু আহমেদ।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





