৫ জানুয়ারি বিএনপি দেশে বিশৃংখলা সৃষ্টির অপচেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার জাতীয় প্রেক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত ‘বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও এবং পদ্মা সেতু নিয়ে খালেদা জিয়ার বিরূপ মন্তব্যের প্রতিবাদে’ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিমসহ সংগঠনের নেতাকর্মীরা।
হাছান আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার যে অপচেষ্টা করা হয়েছিল, সেই অপচেষ্টাকে নস্যাৎ করে বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রাকে অব্যাহত রাখা হয়েছিল ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে। এ জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দিনটিকে সারা দেশে গণতন্ত্র সুরক্ষা দিবস পালন হবে।
তিনি বলেন, অন্যদিকে যারা এদিন বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল তারা এদিনটিকে ‘গণতন্ত্রের হত্যা’ দিবস নামে সেটি পালন করার চেষ্টা করছেন।
সুতরাং আগামীকাল দেশে গণতন্ত্র হত্যা দিবসের নামে বিশৃংখলা সৃষ্টির অপচেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।
এমআর





