চিকিৎসকদের অহেতুক ধর্মঘট সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, চিকিৎসক ধর্মঘট আমি সমর্থন করিনা।
সোমবার বিকেলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক মেডিকেল সরঞ্জামাদি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মিটফোর্ড হাসপাতাল ও রাজশাহী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যেই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক ও অনাকাঙ্খিত একটি গুজবকে কেন্দ্র করে রাজশাহীতে এ ঘটনা ঘটেছে। যে রোগীর মৃত্যুর গুজব ছড়িয়েছিল সে রোগী এখনও বেঁচে আছে। এব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এসময় তিনি আরো বলেন, গত কয়েক বছরে স্বাস্থ্য খাতের বাজেট কমে গেছে। এবছর অর্থ মন্ত্রণালয়কে বলে দুই হাজার কোটি টাকার বাজেট বাড়ানোর চেষ্টা করছি।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]