শিক্ষক ও সাংবাদিকদের ওপর সরকার অমানুষিক নির্যাতন করছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দীন আহমেদ।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তে সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদসহ পেশাজীবি নেতৃবৃন্দের মুক্তির দাবিতে পেশাজীবি সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার আইনগতভাবে বৈধতা দাবি করলেও তারা নীতি নৈতিকতার কাছে নেই। তারা জনগণের কথা চিন্তা করছে না এবং নিজের স্বার্থে সকল কিছু পরিচালনা করছে।

তিনি বলেন, ছাত্র নামধারী জয় বাংলা স্লোগান দিয়ে যারা শিক্ষকদের ওপর হামলা করে, তারা ছাত্র নয়, সন্ত্রাসী। এর নিন্দা জানানোর ভাষা নেই। এটা পুরো জাতির লজ্জা। সরকারের পক্ষ থেকেও কোনো নিন্দা জানানো হয়নি, যা দু:খজনক।

এমাজ উদ্দিন বলেন, যে সমাজ শিক্ষকদের সম্মান করতে জানেনা, সে সমাজের অবনতি সর্বনিন্ম পর্যায়ে অবস্থান করছে। আমার শিক্ষক হিসেবে বলতে লজ্জা লাগছে। একটি সরকার ততদিনই চলতে পারে, যতক্ষণ জনগণ জুলুম নির্যাতন সহ্য করতে পারে।

পুলিশের কর্মকর্তাদের উদ্দেশে এমাজ উদ্দীন আহমেদ বলেন, আপনারা জনগণের সেবক সরকারের নয়, সাধারণ মানুষের টাকায় আপনাদের বেতন হয়।

তাই আপনাদের মধ্যে দ্বায়িত্ববোধ তৈরি হতে হবে। যখন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর সন্ত্রাসীরা হামলা করে তখন আপনারা কোথায় ছিলেন।

সাংবাদিক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফর উল্লাহ চৌধুরি, ড্যাবের মহাসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, কবি ফারুক মাজহার প্রমুখ।

এমএ/এমকে