অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায় সিইসি নিজেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, পুলিশের কমান্ডে কি করে সেনাবাহিনী কাজ করবে? সেনাবাহিনীকে আর কত ছোট করা হবে? সেনাবাহিনী যেখানে ডেপ্লয়মেন্ট হয় সেখানে রাষ্ট্রের অন্যান্য বাহিনীগুলো সেনাবাহিনীর কমান্ডেই কাজ করে। এটাই বিশ্বব্যাপী সর্বজনীন নিয়ম।  

আজ (২৫ নভেম্বর) রোববার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এই মন্তব্য করেন। 

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা ভোট কেন্দ্রের ভেতরে যেতে পারবেন না, সাংবাদিকরা ভোট কেন্দ্রে যেতে পারবেন না, পর্যবেক্ষকদের মুর্তির মতো দাঁড়িয়ে থেকে ভোট পর্যবেক্ষণ করতে হবে, তাহলে কি শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসী বাহিনী, আর আওয়ামী চেতনায় সাজানো আইন শৃঙ্খলা বাহিনী মিলে নির্বাচন করবে?

তিনি বলেন, ভোট ডাকাতির সুযোগ করে দিতেই যাবতীয় আয়োজন করা হচ্ছে বলে জনগণ বিশ্বাস করে। বর্তমানে যে পরিবেশ বিরাজমান এই পরিস্থিতিতে কোন ভোটার ভোট কেন্দ্রে যাবে না। সুতরাং সিইসির বক্তব্যে পরিষ্কার হলো যে, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায় তিনি নিজেই।

রিজভী আহমেদ বলেন, নির্বাচনে সেনাবাহিনী পুলিশের সমন্বয়ের মধ্যে থাকবে। যা নজীরবিহীন ও দুরভিসন্ধিমূলক। সিইসি বলেছেন যে, আগামী ১৫ ডিসেম্বর থেকে মাঠে নামবে। পুলিশের কমান্ডে কি করে সেনাবাহিনী কাজ করবে? সেনাবাহিনীকে আর কত ছোট করা হবে? সাধারণত সেনাবাহিনী যেখানে ডেপ্লয়মেন্ট হয় সেখানে রাষ্ট্রের অন্যান্য বাহিনীগুলো (বিজিবি, পুলিশ, আনসার ইত্যাদি) সেনাবাহিনীর কমান্ডেই কাজ করে। এটাই বিশ্বব্যাপী সর্বজনীন নিয়ম।  

রিজভী বলেন, সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অনন্য অবদানের মধ্য দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে গর্বিত বাহিনী হিসেবে সকলের নিকট সমাদৃত হয়েছে, সেই বাহিনীকে আর কত নীচু করা হবে? যে সেনাবাহিনী আমাদের জাতীয় দুর্যোগ-দূর্বিপাক মোকাবেলায় মানুষের জীবন ও সম্পদ বাঁচাতে উপদ্রুত এলাকায় দ্রুতগতিতে ছুটে যায়, সেই বাহিনীকে আর কত হেয় করা হবে?

রিজভী বলেন, সংসদ নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ না করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমবি