গুলশানের ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দেখা করতে না পেরে আবারও ফিরে গেলেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘অবরুদ্ধ’ খালেদার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী। পুলিশের বাধার মুখে তিনি খালেদার কার্যালয়ে প্রবেশ করতে পারেননি।
ওই ভবনের দক্ষিণ পার্শ্বে প্রবেশ পথে পুলিশের জলকামান রাখায় তার গাড়িটি সামনে এগুতে পারেনি বলে সাংবাদিকদের জানান।
এর আগে গত ৪ জানুয়ারি বি চৌধুরী পুলিশ বাধার মুখে গুলশানে বেগম খালেদা জিয়ার কার্যালয়ের প্রবেশ করতে পারেননি।
আজ বি. চৌধুরী দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বলেন, 'আমি (বি চৌধুরী) দেশের সাবেক রাষ্ট্রপতি এবং একজন সিনিয়র সিটিজেন। গাড়ি নিয়ে প্রবেশ করতে পারছি না। জলকামান সরিয়ে নিন, আমি গাড়ি নিয়ে প্রবেশ করবো।
জবাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বি. চৌধুরীকে হেঁটে যেতে বলেন।
এতে ক্ষুব্ধ হয়ে বিকল্প ধারার প্রেসিডেন্ট আইন-প্রয়োগকারী সংস্থার সদস্যদের বলেন, বেইজ্জতির একটা সীমা আছে। এটা কোন ধরনের অসভ্যতা।
আমি দেশের সাবেক রাষ্ট্রপতি, সিনিয়র সিটিজেন এবং একজন চিকিৎসকও। জলকামান সরাতে বললাম, সরানো হলো না। আমাকে এর আগেও দেখা করতে দেওয়া হয়নি, এবারও দেওয়া হলো না।
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর এই ক্ষোভ ঝেড়ে তখনই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ না করে ফিরে যান।
একে