জাতীয় নির্বাচনের মত স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচনে দলীয় প্রতীক ও দলীয় মনোনয়নে প্রার্থিতা নির্ধারণের বিধান রেখে আইন সংশোধনের যে সিদ্ধান্ত মন্ত্রিপরিষদে গ্রহণ করা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও দুরভিসন্ধিমূলক বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, 'বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত কোন নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। জাতীয় সংসদ থেকে শুরু করে স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচনে সরকার ব্যালট ডাকাতির প্রহসনের নির্বাচন করে দলীয় লোকদের বসিয়েছে।
তদুপুরি গোটা প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে এবং জেলাগুলোতে দলীয় প্রশাসক নিয়োগ করা হয়েছে। এ অবস্থায় দলীয় প্রতীকে ও দলীয় মনোনয়নের ভিত্তিতে স্থানীয় সরকারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার আশা করা যায় না।'
দলবাজি ষোলকলায় পরিপূর্ণ করে অঘোষিত বাকশাল কায়েমের নীল-নকশা থেকেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে সবার আগে সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচন প্রদান করার আহবান জানান তিনি।
এআই





