৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার শোভাযাত্রা শেষে আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মো. হারুন’কে (৪০) গুলি করে পালিয়েছে একদল দূর্বৃত্ত। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হারুনের।

আজ (রোববার) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার কদমতলি শুভপুর বাস্টস্টেশন এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে গুলি করে দূর্বূত্তরা।

পুলিশ ও স্থানীয় লোকজন ওই ব্যবসায়ীকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, হারুন নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলিবিদ্ধ অবস্থায় চমেক হাসপাতালে আনা হয়েছে। তার বুকে তিনটি গুলি লেগেছে। তাকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর তার মৃত্যু ঘটে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব জানান, পরিবহন ব্যবসায়ী মো. হারুন প্রয়াত বিএনপি নেতা দস্তগীর চৌধুরীর ভাই ও আলমগীর চৌধুরীর ছেলে। তবে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সে জড়িত।

তিনি জানান, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় তিন কাউন্সিলর মিলে আজ রোববার বিকেলে নগরীর সদরঘাট থানার শুভপুর বাসস্ট্যান্ড এলাকায় আনন্দ সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে। শোভযাত্রায় অংশ নেয় মো. হারুন। শোভাযাত্রা শেষে তিনি নিকটস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বসতে যান। এ সময় একদল দূর্বৃত্ত হারুনকে গুলি করে চলে যায়।

নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারি কমিশনার মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে মো. হারুনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার মৃত্যু হয়েছে। অস্ত্রধারী দূর্বৃত্তদের ধরতে পুলিশ খুঁজছে।

এমবি