২০ দলীয় জোটের অন্যতম নেতা ও বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান গত ৩ দিন ধরে নিখোঁজ।
রোববার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজার পল্লীবিদ্যুৎ অফিসের পাশে অবস্থিত বাসভবনের উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
আজ বুধবার দুপুরে আমিনুর রহমানের পরিবারের বরাত দিয়ে জোটের আরেক শরিক বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, গত রোববার রাত ১০টার পর থেকে এখন পর্যন্ত আমিনুরের মোবাইল ফোন বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে তার পরিবার, দলের সহকর্মীরা ও রাজনৈতিক সহকর্মীরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেন, “গত সোমবার ২০ দলীয় জোটের মিটিংয়ে আমিনুরের উপস্থিত থাকার কথা ছিল কিন্তু সেখানে তিনি যাননি। তারপর থেকে আমি তার সন্ধান শুরু করলাম কেন মিটিংয়ে যাননি। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।”
তিনি বলেন, “আমরা সন্দেহ করছি আমিনুরকে বল পূর্বক তুলে নেওয়া হয়েছে। তার সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করছি।”
এ অবস্থায় পরিবার, পার্টির সহযোদ্ধা ও রাজনৈতিক সহকর্মীরা খুবই উদ্বিগ্ন। পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এমবি





