এরশাদের নির্দেশনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করেছি উল্লেখ করে জিএম কাদের বলেন, এখনও পল্লীবন্ধুর নির্দেশনা মতেই চেয়ারম্যান হিসেবে কাজ করছি।
জাপার সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ স্বাক্ষরিত বিবৃতি হাতে লেখা ও কাঁচা বলে মন্তব্য করে বলেন, জাতীয় পার্টির নেতৃবৃন্দ গঠনতন্ত্র অনুসরণ করেই চেয়ারম্যান ঘোষণা করেছেন। তারা যে নামেই সম্বোধন করবে তাতে কোনও সমস্যা নেই। জাতীয় পার্টিতে কাজ করাটাই আসল কথা।
‘এটা বিশ্বাস ও গ্রহণযোগ্য নয়। এরপরও কোনও সমস্যা থাকলে আমরা আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করবো।’
মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টিতে কোনও বিভেদ নেই দাবি করে জিএম কাদের আরও বলেন, দল ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। নেতৃত্বের প্রশ্নে জাতীয় পার্টিতে কোনও দ্বন্দ নেই।
তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের পরিবারে পিতৃতুল্য ছিলেন, সেই ভাবেই বেগম রওশন এরশাদ আমাদের মায়ের মতো।
জিএম কাদের বলেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের মৃত্যুতে বিশ্বের প্রায় সব দেশের রাষ্ট্রদূত জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এসে শোক বইয়ে স্বাক্ষর করেছেন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা শোকবার্তা পাঠিয়েছেন।
এরআগে গত সোমবার (২২ জুলাই) গণমাধ্যমে পাঠানো সংসদের বিরোধীদলীয় উপনেতার প্যাডে হাতে লেখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এইচ এম এরশাদের ভাই জি এম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান মানেন না দলটির সিনিয়র কো–চেয়ারম্যান ও এরশাদের স্ত্রী রওশন এরশাদ।
জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতার প্যাডে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রওশন এরশাদ এ কথা বলেন।
রওশন বলেন, জি এম কাদেরকে জাপার চেয়ারম্যান ঘোষণা করার আগে দলের প্রেসিডিয়াম সদস্যদের মতামত নেওয়া হয়নি। ফলে, জি এম কাদের এখনো ভারপ্রাপ্ত চেয়ারম্যানই আছেন।
বুধবার (২৪ জুলাই) দুপুরে জাতীয় পার্টির জামালপুরের ইসলামপুরে বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন বলেও জানান জিএম কাদের।
এ সময় উপস্থিত ছিলেন- পার্টির উপদেষ্টা আশরাফ উদ-দৌলা, ভাইস চেয়ারম্যান দেওয়ান আলী, মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, মনিরুল ইসলাম মিলন প্রমুখ।
এএস





