জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে কোমলমতি শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের গণভবন ঘেরাওয়ের আহবান জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকালে সংগঠনের দফতর সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা আহবান এই জানান।

নেতৃদ্বয় বলেন, জীবনে এমন কিছু অপ্রিয় কাজ আছে যা সুন্দর ভবিষ্যতের জন্য করতে হয়। এখন দেশব্যাপী গনতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন সংগ্রাম চলছে সেটি আমাদের প্রানপিয় শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যত গঠনের জন্যই। আজ যে আওয়ামী লীগ তোমাদের জন্য মায়া কান্না দেখাচ্ছে ইতিহাস ঘাটলে দেখতে পাবে তারা যখন বিরোধী দলে ছিল তখন নায্য কোন কারন ছাড়াই পরীক্ষার সময় দিনের পর দিন হরতাল দিয়েছিল। কিন্তু এখন তারা সেটি বেমালুম ভুলে গেছে। তার অর্থ হল আওয়ামী লীগ নিজ স্বার্থ চরিতার্থের জন্য যতটা সম্ভব নীচে নামতে পারে। তারা মিথ্যাবাদী, তারা প্রতারক। যেখানে গনতন্ত্র অনুপস্থিত থাকে সেখানে শিক্ষাজীবন পরবর্তী জীবন আরো দুর্বিষহ। আজ আওয়ামী লীগ ছাত্রলীগ না করলে চাকরি হয়না। ব্যাংকসহ অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে লুটপাট করে তারা দেশের অর্থনীতির মেরুদন্ড ভেঙ্গে দিয়েছে।

তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই অবৈধ স্বৈরাচারী সরকারের যদি শিক্ষার্থীদের প্রতি নূন্যতম মায়া থাকত তাহলে অনেক আগেই পদত্যাগ করে একটি গনতান্ত্রিক পরিবেশে শিক্ষার্থীদের পরিক্ষার পরিবেশ নিশ্চিত করত। কিন্তু তারা ক্ষমতার মোহে এতটাই আচ্ছন্ন যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এখন তারা কলেজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের হত্যার উৎসবে মেতে উঠেছে। তাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থী ও পরিক্ষার্থীদের উচিত গণভবন ঘেরাও করে অবৈধ প্রধানমন্ত্রীকে পদত্যাগে বাধ্য করা।

নেতৃদ্বয় আরো বলেন, আমরা ছাত্ররাজনীতি করি। শিক্ষার্থীরাই আমাদের কাছে সবচেয়ে অগ্রগন্য। আমাদেরও ভাই-বোন ও আত্নীয়-স্বজন অনেকেই পরীক্ষার্থী। আমরাও সঠিক সময়ে পরীক্ষা হওয়ার পক্ষে। কিন্তু এই সরকার যখন পরীক্ষার্থীদেরকে হাতিয়ার বানিয়ে গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামকে নির্বাসনে পাঠিয়ে স্থায়ীভাবে একটি অবৈধ ও অগনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায় এবং সাধারন মানুষের ভোটের অধিকারকে চিরদিনের জন্য কেড়ে নিতে চায় তখন কি আর বসে থাকা যায়?

নেতৃদ্বয় শিক্ষার্থী ও পরিক্ষার্থীদেরকে সতর্ক করে বলেন, এই অবৈধ সরকার তোমাদেরকে কর্মী বাহিনীর মত ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। সে ব্যাপারে তোমাদেরকে সদা সতর্ক থাকতে হবে। আমরা ইতিমধ্যে অবগত হয়েছি এই অবৈধ সরকারের কিছু দুষ্কৃতিকারী অনেক স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে মানব বন্ধনের নামে নিয়ে এসে দলের কর্মী বাহিনীর মত ব্যবহার করছে। অনেক স্কুল-কলেজকে বাধ্য করা হচ্ছে তাদের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে এসে মানব বন্ধনে যোগ দিতে। নেতৃদ্বয় এহেন নীচ গর্হিত কাজের তীব্র নিন্দা জানান।

তারা কোমলমতি শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে তাদের শিক্ষার পথ সুগম করতে দ্রুত সময়ের মধ্যে অবৈধ সরকারকে পদত্যাগের আহবান জানান।

এমএইচ/ইআর