জাতিসংঘ মহাসচিবের চিঠিতে সংলাপের কোনো বিষয় উল্লেখ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব বান কি মুন প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। বিষয়টি আমরা কিছুদিন ধরেই শুনছিলাম। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে দুই সপ্তাহ দেরিতে চিঠিটি আমাদের হাতে এসে পৌঁছেছে।
শাহরিয়ার আলম বলেন, জাতিসংঘে নিযুক্ত আমাদের প্রতিনিধিকে মহাসচিবের চিঠি দেরিতে আসার কারণ খতিয়ে দেখতে বলা হয়েছে। চিঠিতে বর্তমান সহিংসতায় উদ্বেগ জানিয়ে নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বানকি মুন।
পরবর্তী নির্বাচনের আগে যাতে এ ধরনের সহিংসতা আর না ঘটে, সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ গ্রহণ করবেন বলে আশা করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, জাতিসংঘ মহাসচিব চিঠিতে জানিয়েছেন, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি তারানকোকে বাংলাদেশে সহায়তা দরকার হলে অ্যাসাইন করা হবে।
তিনি বলেন, ওই চিঠিতে বলা হয়েছে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে কিন্তু ওই চিঠির বিষয়বস্তু আমার জানা নেই।
জাতিসংঘের মহাসচিবের চিঠিতে বর্তমান সহিংসতাকে শূণ্যের কোঠায় নামিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন, অদূর ভবিষ্যতে তারানকোর বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা নেই। তবে প্রয়োজন হলে কোনো এক সময়ে তিনি বাংলাদেশ সফর করতে পারেন।
জাতিসংঘ মহাসচিবের এই চিঠি আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো চাপ মনে করেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, এই চিঠি কোনো চাপ নয়। বন্ধু রাষ্ট্রের অনেক নতুন রাষ্ট্রদূত সম্প্রতি বাংলাদেশের এসেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা শুধু খেয়াল রাখবো, সরকারের কোনো কর্মকাণ্ড যেন আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন না করে!
তিনি বলেন, মঙ্গলবার আওয়ামী লীগের পক্ষ থেকে কূটনীতিকদের ব্রিফং করা হয়েছে। এ সময় তাদের সামনে বর্তমান ভয়াবহ সহিংসতার চিত্র তুলে ধরা হয়েছে।
আশা করি, তারা উপলব্ধি করতে পেরেছেন যে, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, কোনো রাজনৈতিক শক্তির বিরুদ্ধে নয়।
সংলাপের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, সংলাপের কোনো সম্ভাবনা দেখছি না। খুনিদের সঙ্গে কোনো সংলাপ করতে চাই না।
জাতিসংঘ মহাসচিবের চিঠির জবাব দ্রুত দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
কেএইচ





