সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,‘এবার ঈদের জামাতে নাশকতার বিষয়টি একেবারে উড়িয়ে দেয়া যায় না।’
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও মেঘনা টোলা প্লাজা এলাকায় হাইওয়ে পুলিশ কমান্ড ও মনিটরিং নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে ঢাকা থেকে কুমিল্লায় দেড়ঘণ্টায় এবং চট্টগ্রামে চারঘণ্টায় যানবাহন পৌছাতে সক্ষম হয়েছে। ঘরমুখো মানুষের যাত্রা এবার অবিস্মরণীয় স্বস্তিদায়ক হয়েছে। এছাড়া মহাসড়ক চার লেনে উন্নীত হওয়ায় উত্তর জনপদেও দুর্ভোগের অবসান হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ হয়ে দেশে ফেরার পর এই প্রথম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শনে এলেন। আল্লাহর কাছে শোকরিয়া আদায় করে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অনিবার্য মৃত্যুর কবল থেকে মানুষের ভালোবাসায় ফিরে এসেছি। তাই বাকি জীবন মানুষের সেবা করতে চাই। সৎ কাজ করলে মানুষ স্বীকৃতি দেয়, আমি তা পেয়েছি।
তিনি বলেন, ‘সৎভাবে কাজ করলে মানুষ স্বীকৃতি দেয়, আমি তা পেয়েছি।’
‘সরকার মেগা দুর্নীতিবাজ’ - বিএনপির মহাসচিবের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘ভূতের মুখে রামনাম মানায় না। তারাই প্রমাণিত দুর্নীতিবাজ ছিলো। তারা তিন বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলো।’
ভারতের নির্বাচন ও সরকারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারত পার্শ্ববর্তী দেশ। পাশের বাড়িতে আগুন লাগলে নিজের ঘরেও পায়। নরেন্দ্র মোদী আবার ক্ষমতায় আসায় ভারতের সাথে অভিন্ন নদী সমস্যা, ছিটমহল ও সীমান্ত সমস্যার সমাধান হবে।
এসময় মন্ত্রীর সঙ্গে মহাসড়ক পুলিশের ডিআইজি আতিকুর রহমান ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদসহ অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএস





