স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো নিরপেক্ষতা নেই। মুক্তিযুদ্ধের প্রশ্নে যারা নিরপেক্ষ থাকে তারা রাজাকার।’
নিজামীর রায়ে নীরবতা প্রসঙ্গে বেগম খালেদা জিয়াকে উদ্দেশ তিনি বলেন, ‘এতবড় ইস্যু আর আপনি কথা বলবেন না তা হয় না। বুকের পাটা থাকলে ‘হ্যাঁ’ অথবা ‘না’ বলুন।’
রাজধানীর গুলিস্তানে কাজী বশির মিলনায়তনে বৃহস্পতিবার বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এ সব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘২০১৯ সালের একদিন আগেও দেশে নির্বাচন হবে না। ওই নির্বাচনেও খালেদা জিয়া ৮ গোল খাবেন।’
তিনি বলেন, 'নিজামীর রায় প্রমাণ করেছে আওয়ামী লীগের সঙ্গে স্বাধীনতার শত্রু জামায়াত-শিবিরের কোনো আঁতাত হতে পারে না।'
১৪ দলীয় জোটের মুখপাত্র বলেন, ‘যারা নিজামীর ফাঁসির রায়ের বিরুদ্ধে হরতাল ডেকেছে সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তাদের কালোহাত ভেঙে দেবে।’
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক এসকে শিকদার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের আহ্বায়ক রেজা রশিদ খান, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন ও কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায়।
স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশের সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য লুৎফুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।
সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে মিছিল বের করা হয়।
জেএ





