আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সিটি নির্বাচনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া এবং জনগণ যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।
হানিফ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই। ফলে কোন দল কাকে সমর্থন দিচ্ছে সেটি বড় নয়। নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত হয়ে দণ্ডপ্রাপ্তরা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলেও জানান তিনি।
বুধবার সকালে কুষ্টিয়া শহরের আফসার উদ্দিন গার্লস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবনির্মিত একাডেমিক ভবন ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধনের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণ যাকে ভোট দেবেন তিনিই নির্বাচিত হবেন। জনগণই বিচার করবেন তারা ভাল লোককে নাকি খারাপ লোককে নির্বাচিত করবেন।’
এসময় কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বদরুদ্দোজা গামা, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলামসহ দলীয় নেতাকর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
জেএ





