বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর গুলশান কার্যালয়ে গেছেন। আজ (রোববার) বেলা সোয়া একটার দিকে তিনি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যান।

শাহজাহান ওমরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কোন বাধা ছাড়াই তিনি কার্যালয়ের অভ্যন্তরে যান।

এর আগে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করতে গেলে তাকে কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর গুলশান কার্যালয়ের ভেতরে প্রবেশের আগে সাংবাদিকদের বলেন, তার নেত্রী অবরুদ্ধ, তাই তিনি নেত্রীর সাথে দেখা করতে এসেছেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ক্ষুব্ধ কন্ঠে বলেন, কেন রাজনীতিবিদরা রাস্তায় নেমে এসেছেন, আপনারা জানেন না?

বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর দমন-পীড়নসহ দলের চেয়ারপারসনকে এভাবে অবরুদ্ধ করে রাখার ঘটনায়ও ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানান ব্যারিস্টার শাহজাহান ওমর।

কেবি