বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার ও বিচার করার জন্য সরকারের মন্ত্রী ও নেতারা অবৈধ প্রধানমন্ত্রীর স্বরে চিৎকার জুড়ে দিয়েছে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিন্তু তাকে গ্রেফতারের পরিণতি হবে বর্তমান আওয়ামী লীগ সরকারের জন্য রাজনৈতিক অন্তেষ্টিক্রিয়া।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় দলের সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, বর্তমান অবৈধ সরকারের নেতৃবৃন্দের বক্তব্য বিবৃতি শুনলে মনে হয় মহান জাতীয় সংসদকে যেন আওয়ামী লীগের দ্বিতীয় কার্যালয় কিংবা আওয়ামী মহাজোট সরকারের ক্লাব ঘরে পরিণত করা হয়েছে। সেখানে গানবাজনা থেকে শুরু করে জিয়া পরিবারের বিরুদ্ধে গালিগালাজ এবং বর্তমান চলমান আন্দোলন দমানোর হুমকি-ধামকির প্রতিযোগিতা চলছে।

বেগম জিয়াকে গ্রেফতার করতে আইনী প্রক্রিয়া দেখা হচ্ছে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের জবাবে রিজভী বলেন, এখন একদলীয় রাষ্ট্র, একদলীয় জাতীয় সংসদ, একদলীয় নির্বাচন, একদলীয় জনপ্রশাসন এবং একদলীয় বিচার ব্যবস্থা বিরাজমান। সুতরাং সমগ্র রাষ্ট্রটিকেই আওয়ামীকরণ করা হয়েছে।

এই ব্যবস্থায় আইনী প্রক্রিয়ার অর্থ হচ্ছে-প্রধানমন্ত্রীর জারিকৃত ফরমানের ধারাবাহিক বাস্তবায়ন। অর্থাৎ গ্রেফতার থেকে শুরু করে বিচারের রায় পর্যন্ত। কিন্তু জনগণও যে বিচারক আওয়ামী লীগ যেন সেটা ভুলে না যায়। আওয়ামী নেতারা ভুলে গেছে দেশের মালিক জনগণ, কোনো ভোটারবিহীন সরকার বা সংসদ নয়।

রিজভী বলেন, আওয়ামী শাসন আর মরণের বার্তা যেন সমার্থক। জনগণের কণ্ঠনালী কেটে গণতন্ত্রকে কবরস্থ করার ঐতিহ্য এদেশে একমাত্র আওয়ামী লীগেরই। সেজন্য নতুন রুপে নয়, আসল রুপেই বাকশালকে চূড়ান্ত রুপে দাঁড় করানো হয়েছে। আর এজন্যই বেগম জিয়াকে বন্দি করার নানা ফন্দি আঁটা থেকে শুরু করে গণমাধ্যমকে শুধুমাত্র সরকারের সকল বার্তা প্রচারের নির্দেশ দেয়া হয়েছে। আর বাকস্বাধীনতার আইনগত অধিকারকে তো আগেই শুলে চড়ানো হয়েছে।

তিনি বলেন, সরকারের নীতিনির্ধারকরা আন্দোলনরত নেতাকর্মীদের বুকে গুলি করতে বলেছেন। গোয়েন্দা পুলিশরা বন্দুক যুদ্ধের গল্প বানিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাহবা পাচ্ছেন। আন্দোলন ঠেকাতে প্রতিরোধ কমিটির নামে বেসামাল সশস্ত্র ক্যাডারদের লেলিয়ে দিয়ে আন্দোলনকারীদের লাশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এতকিছুর পরেও গণতন্ত্র ও স্বাধীন জীবনের জয়গান গাইতে গাইতে আন্দোলনরত নেতাকর্মীরা অবরোধ-হরতালে নির্ভীক অগ্রবাহিনী হিসেবে অংশগ্রহণ করছে।

এমএইচ/ এআর