আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে দেশের শীর্ষ স্থানীয় আলেম ও দলীয় নেতা কর্মীদের মুক্তির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। শুক্রবার এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এ দাবি জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।
বিবৃতিতে বলা হয়, "মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে মাওলানা মতিউর রহমান নিজামী, ভাষা আন্দোলনের অন্যতম নেতা অধ্যাপক গোলাম আযম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, মাওলানা আবদুস সুবহান, সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ জামায়াতের অনেক নেতা ও দেশের অনেক আলেমদেরকে সরকার অন্যায়ভাবে দীর্ঘ ৪ বছর যাবৎ কারাগারে আটক রেখেছে। তাদেরকে অনেককে শাস্তি দেয়া হয়েছে। যা দেশ-বিদেশে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত।"
"সরকার তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সন্ত্রাস, হত্যা, খুন, ধর্ষণ, অপহরণ, গুম জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। হলমার্ক-ডেসটিনি-শেয়ার বাজার-পদ্মা সেতু কেলেঙ্কারি ও সীমাহীন দুর্নীতির কারণে দেশের মানুষ সরকারের বিরুদ্ধে আজ সোচ্চার। জনগণের দৃষ্টি ভিন্নদিকে প্রবাহিত করার জন্য সরকার ৪৩ বছর আগে মীমাংসিত ইস্যুটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।"
এ ষড়যন্ত্রমূলক বিচার বন্ধ করে সকল নেতা-কর্মী ও আলেমগণকে আসন্ন ঈদুল ফিতরের আগেই মুক্তি প্রদান করার জন্য সরকারের কাছে আহবান জানান তারা।
ঢাকা, ২৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





