বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান ভাল, কিন্তু কয়েকদিন অভিযান চালালেই দুর্নীতি বন্ধ হবে না।  

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সাভারে আশুলিয়া প্রেসক্লাবের হল রুমে ওয়ার্কার্স পার্টির উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠানে যোগ দিতে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, “কয়েক দিন ধরেই পত্রিকায় ক্যাসিনো ক্লাবের কোটি কোটি টাকার কাহিনী শোনা যাচ্ছে। মনে হলো যেনো হঠাৎ করে ঝড় ওঠে গেছে। সব সাফ-শুদ্ধ করা হচ্ছে। কিন্তু সাময়িক ও কয়েক দিনের সাফ-শুদ্ধি অভিযান চালিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না।”

সাবেক এই মন্ত্রী বলেন, “দুর্নীতি বন্ধ করতে হলে লাগাতারভাবে লড়াই করতে হবে, লাগাতারভাবে এই দুর্নীতিমূলক ব্যবস্থা পাল্টে ফেলতে হবে।”

তিনি আরও বলেন, “পত্রিকাতে হিসেব করে দেখানো হয়েছে ৮৯ শতাংশ মানুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। তারা কথা বলে না। আমাদের আরও সাহসী হতে হবে। বলতে হবে, দুর্নীতিবাজদের আমরা আর গ্রহণ করবো না।”

ওয়ার্কার্স পার্টির সাভার উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইন, পার্টিনেতা কিশোর রায় প্রমুখ।

এমবি