আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের অংশ হিসেবে কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দলের কাউন্সিলর ও ডেলিগেটদের ভিড় জমেছে। অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় অধিবেশন শুরু হয়।

সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন আজ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় সাত হাজার কাউন্সিলর এতে যোগ দিয়েছেন। আজ তাদের মতামতের ভিত্তিতে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।

সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেন। তিনি জাতির জনকের আদর্শে উজ্জীবিত হতে নেতাকর্মীদের আহ্বান জানান।

শুক্রবার (২০ ডিসেম্বর) দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করা হয়। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন এবং উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্য রাখেন তিনি। এছাড়া সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কাউন্সিল উপলক্ষে অধিবেশন স্থল ও আশপাশের এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সতর্ক অবস্থান নিয়েছেন। একইসঙ্গে এ এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে।

এমএম