বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ক্ষমতাসীন সরকার জনগণের উপর আস্থা হারিয়ে বিদেশী শক্তি ও ইভিএমের ষড়যন্ত্রে নির্ভর করতে চায়। আমাদের প্রিয় বাংলাদেশ আজ নানাবিধ সঙ্কটে নিমজ্জিত। বর্তমান সরকারের অদূরদর্শী সব সিদ্ধান্ত এবং দুর্নীতির কারণে দেশের অর্থনীতি মহাবির্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে।

বুধবার সকালে রাজধানীর প্রাণকেন্দ্র মালিবাগ, মৌচাক, শান্তিনগর ও কাকরাইল এলাকায় ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে লিফলেট বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপর্যয়, দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি, জনদুর্ভোগ ও সর্বগ্রাসী দুর্নীতির কবল থেকে দেশ ও জাতিকে মুক্ত এবং দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজধানীতে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট ড. মো: হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য শাহিন আহমেদ খান, শামসুল বারী, রমনা থানা সেক্রেটারি আতিকুর রহমান, পল্টন উত্তর থানা সেক্রেটারি আতিকুর রহমান নজরুল। এছাড়াও ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ কর্মসূচির শুরু থেকেই বাজারে অবস্থানরত ব্যবসায়ীসহ সাধারণ জনগণ জামায়াতের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় সাধারণ মানুষ সরকারের জুলুম-অত্যাচার থেকে বাঁচতে মুক্তির নানা শ্লোগান দিতে থাকে। ক্রেতা-বিক্রেতাসহ পথচারী এসব জনগণ জামায়াতের লিফলেট গ্রহণ করে একাত্মতা ঘোষণা করেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সরকারের ১৪ বছরের শাসনামলে শেয়ারবাজার, ডেসটিনি, হলমার্ক ও বিভিন্ন ব্যাংক লুটপাট, বিদেশে অর্থ পাচার, বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি, খেলাপি ঋণসহ নানা অর্থনৈতিক কেলেঙ্কারি দেশকে মহাসঙ্কটে নিপতিত করেছে। গত ১৪ বছর যাবত সরকার উন্নয়নের ঢোল বাজিয়ে আসছে। উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতির কারণে গোটা দেশ আজ অন্ধকারে নিমজ্জিত। বিদ্যুৎ সঙ্কটের ফলে অসহনীয় লোডশেডিংয়ের জন্য জনগণ ভীষণ কষ্টে জীবন অতিবাহিত করছে। বিদ্যুতের অভাবে কল-কারখানা ও উৎপাদন সেক্টরগুলোতে ধস নেমেছে। ইতোমধ্যেই দেশের বৃহৎ দুটি সার কারখানা বন্ধ হয়ে গেছে।

ড. মাসুদ বলেন, সরকারের সীমাহীন দুর্নীতির কারণে দেশে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, পানি নেই, যুবকদের চাকুরি নেই, ব্যাংকে পর্যাপ্ত রিজার্ভ নেই, বিনিয়োগ নেই। চতুর্দিকে শুধু নেই আর নেই। সরকার পরিকল্পিতভাবে দেশকে দেউলিয়া বানানোর দিকে নিয়ে যাচ্ছে। সরকারের হাত থেকে দেশকে উদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, এ সরকারের কাছে দেশ, দেশের জনগণ, রাষ্ট্র কোনোটাই নিরাপদ নয়। এ সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তাই এ সরকারের হাত থেকে দেশকে উদ্ধার করে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করার লক্ষ্যে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করার উদ্দেশে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।-বিজ্ঞপ্তি

এমআর