রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার (৫ ডিসেম্বর) মহাসমাবেশ করার অনুমোদন না পেলে রোববার (৭ ডিসেম্বর) দেশব্যাপী হরতাল দেবে বলে হুমকি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর)  দুপুর সোয়া ১২টায় পল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এ হুমকি দেন।

তিনি বলেন, আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে কিংবা সরকার উৎখাত নয়। একজন নাস্তিক-মুরতাদের সর্বোচ্চ শাস্তির আইন পাসের দাবিতে আমাদের মহাসমাবেশ। এ কর্মসূচি পালনে যদি সরকার আমাদেরকে বাধা দেয় তাহলে হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়া ছাড়া আমাদের সামনে আর কোন পথ খোলা নেই।

সমাবেশের অনুমতি দিয়ে সরকার শুভবুদ্ধির পরিচয় দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, আমিরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, নগর সভাপতি অধ্যাপক এটি এম হেমায়েত উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, আমিমুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আহমেদ আব্দুল কাইয়ুম প্রমুখ।

এএইচ, জেএ