রোববার (৬ আগস্ট) এক বিবৃতিতে এ কথা বলেন বিএনপির মহাসচিব।
বিবৃতিতে বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহমেদকে গ্রেফতার ও তাকে জামিন না দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সালাহ উদ্দিন আহমেদকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তাকে জামিন না দেওয়ার ঘটনা বর্তমান আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসনের আরও একটি বহিঃপ্রকাশ। দেশে আইনের শাসনের ন্যূনতম প্রয়োগ নেই। মানুষের জানমালের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। তবে সরকারের চলমান অপশাসন থেকে রেহাই পেতে জনগণ এখন রাজপথের আন্দোলনকে তীব্র করতে সম্মিলিতভাবে রাস্তায় নেমে আসছে।
তিনি বলেন, ধারাবাহিকভাবে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের করা হচ্ছে। নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারগুলো ভরে ফেলা হচ্ছে। কারাগারে এখন তিল ধারণের ঠাঁই নেই।
বিএনপি মহাসচিব বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
এমআই





