চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে বন্ধু রাষ্ট্রের কূটনীতিকদের দেওয়া প্রস্তাবের ব্যাপারে নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘সংবিধান উপেক্ষা করে কূটনীতিকদের কথায় দেশ চলবেনা। বরং মুক্তিযুদ্ধের চেনতায় দেশের মানুষই সিদ্ধান্ত নিবে দেশ পরিচালনার।’

রোববার সকাল ১১টার দিকে মাদারীপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সাংবাদিক ইয়াকুব খান শিশিরের দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নৌমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ, যারা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছে। ত্রিশ লাখ মানুষ জীবন দিয়ে স্বাধীন করেছে। সেই দেশে বিদেশিদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করা, এটা কোনো ক্রমেই হবে না। আমাদের সমস্যা আমরাই সমাধান করব। সেই সঙ্গে সন্ত্রাসকে মোকাবেলা করেই আমরা এগিয়ে যাবো।’

মন্ত্রী এ সময় বিএনপির টানা অবরোধ আর হরতালের তীব্র সমালোচনা করেন।

অলিউল আহসান কাজলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদ প্রশাসক মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার খোন্দার ফরিদুল ইসলাম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

এসএইচ