২০ দলীয় জোটনেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভয়াবহতা উল্লেখ করে বলেন, পুরো নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। ইসির উচিত এখনই পদত্যাগ করা। তথাকথিত নির্বাচনের নামে যে হারে শিশু হত্যা-নারী হত্যা, গণহত্যা চলছে। এটা কি নির্বাচন নাকি সশস্ত্র যুদ্ধ? বিদায়ী অগ্নিঝরা স্বাধীনতার মাসেই ৪০ জন নিহত ও হাজার হাজার মানুষ আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে। মানিকগঞ্জের মাতৃহারা পুত্রের বুকফাঁটা আর্তনাদ ‘মরার ভোটে আমার মায়রে কাইরা নিল’।

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, এখনই এই রক্তক্ষয়ী নির্বাচন বন্ধ করুন। জালিমশাহীর দালালী করে পার পাবেন না। নিরাপরাধ প্রতি ফোটা রক্তের জবাব দেশবাসী আদায় করে নিবে।

তিনি আজ বিকাল ৪ টায় আসাদ গেট দলীয় কার্যালয়ে জাগপার নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন নির্বাহী কমিটির অধ্যাপিকা রেহেনা প্রধান, মহিউদ্দিন বাবলু, আবু মোজাফফর মোঃ আনাস, মাস্টার এম.এ মান্নান, আসাদুর রহমান খান, এড. মজিবুর রহমান, সৈয়দ শফিকুল ইসলাম, ভিপি মজিবুর রহমান, দেওয়ান মোঃ রোকন উদ্দিন হাজারী, আওলাদ হোসেন শিল্পী, শেখ শহীদুল ইসলাম, গোলাম মোস্তফা কামাল প্রমুখ।

নির্বাহী কমিটির সভায় ৬ এপ্রিল জাগপার ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৬টি বিভাগীয় শহর ও ১০ জেলায় সমাবেশ এবং এপ্রিলের শেষ সপ্তাহে ঢাকায় জাতীয় কনভেনশন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। জাগপার সকল শাখাকে জাগপার প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আহ্বান জানানো হয়।

 

এমআইএস।