খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘অনেকে বলছেন জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের আতাত হয়েছে। কিন্তু জামায়াতের সঙ্গে আতাতের কোনো প্রশ্নই আসে না। এ রায় নিয়ে বিভ্রান্তি ছড়ানো উচিত না।’
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর আওয়ামী লীগের হরতালবিরোধী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সাঈদীর অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছে। আর আওয়ামী লীগ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। বর্তমান সরকার একে একে সব যুদ্ধাপরাধীদের বিচার শেষ করবে।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘আজকের হরতাল সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে। হরতালের নামে জামায়াতকে কোনো নৈরাজ্যের সুযোগ দেয়া হবে না।’
হরতাল বিরোধী অবস্থান কর্মসূচিতে ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সিনিয়র সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া ও মুকুল চৌধুরীসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





