বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ৫ জানুয়ারির ‘প্রহসনের’ নির্বাচন ও উপজেলার ‘দখল’ নির্বাচনের ‘কলঙ্কজনক’ চিত্র গিনেজ বুকে রেকর্ড হয়ে থাকবে। আর কলঙ্কজনক রেকর্ড ভবিষ্যতে আবার আওয়ামী লীগই ভাঙতে পারবে।
মঙ্গলবার দুপরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারকে স্বঘোষিত সরকার আখ্যা দিয়ে গয়েশ্বর রায় বলেন, ‘উপজেলা নির্বাচনের মাধ্যমে সরকারের আধিপত্যের নগ্নতা প্রস্ফুটিত হয়েছে। ৫ জানুয়ারির পরে নতুন করে উপজেলা নির্বাচন দিয়ে আবারো সরকারের বিবস্ত্র হওয়ার কোনো প্রয়োজন ছিলো না।’
নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রথম ও দ্বিতীয় সারির নেতারা যেভাবে বক্তব্য দিয়েছেন, প্রধান ভারপ্রাপ্ত নির্বাচন কমিশন আবদুল মোবারকও একই সুরে কথা বলেছেন। একটি সাংবিধানিক পদে থেকে এভাবে রাজনৈতিক বক্তব্য দেয়া যায় কিনা তা জাতির কাছে প্রশ্নবিদ্ধ।’
তিনি বলেন, ‘জনগণই সকল ক্ষমতার উৎস হলেও আওয়ামী লীগ সেটি বিশ্বাস করে না। তাদের মূল ক্ষমতার উৎস হচ্ছে ভারত। এজন্য এখন গণতন্ত্রের সংজ্ঞা পাল্টে হয়েছে, অফ দ্যা ভারত, ফর দ্যা ভারত, বাই দ্যা ভারত।’
বিএনপির এ নেতা বলেন, ‘সরকার বিচার বিভাগকে সম্পূর্ন নিয়ন্ত্রন করে দেশকে একটি বৃহৎ কারাগারে পরিনত করেছে। আর এ কারাগারের জেল সুপার হচ্ছে শেখ হাসিনা। সুপ্রীম কোর্ট, নিম্ন আদালতসহ সব কোর্ট এখন মুজিব কোর্টের ভিতরে ঢুকে গেছে।
জনগণের মুক্তি ছাড়া নেতাকর্মীদের মুক্ত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি এম গিয়াসউদ্দিন খোকনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিষ্টার হায়দার আলী, সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা প্রমূখ।
[b]ঢাকা, এমএইচ, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// জেআই[/b]