বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন বলে আশঙ্কা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ‘সরকার যেভাবে ছক আটছে তাতে যে কোনো মুহূর্তে দেশনেত্রীকে আটক করতে পারেন।’

৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘দেশনেত্রী পরিষদ’আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘যে যেখানে আছেন সেখান থেকেই প্রস্তুতি নিন। যাতে সময় হলেই বেরিয়ে পড়তে পারেন। নেত্রীর নির্দেশের অপেক্ষায় বসে থাকবেন না।’

বিএনপির কথা ও কাজে ফাঁক থাকায় জনগণ মাঠে নামছে না উল্লেখ করে দলটির অন্যতম এই নীতিনির্ধারক বলেন, ‘জনগণের কাছে বর্তমান আওয়ামী লীগ সরকার নর্দমার চেয়েও দুর্গন্ধময়। আওয়ামী লীগ দেখলেই জনগণ এখন নাকে রুমাল দেয়। কিন্তু তার মানে এই নয়, জনগণ বিএনপিকে খুব পছন্দ করে।’

জেএ